ঢাকা: রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে দেখতে গিয়েছিলেন বিএনপির নেতারা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে তারা হাসপাতালে প্রবেশ করেন। সেখানে বিএনপি নেতারা ১৫ মিনিট অবস্থান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন সুজা উদ্দিন, বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান, শায়রুল কবির প্রমুখ।
এ সময় শায়রুল কবির জানান, ড. আর এ গণিকে বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রাখা হয়েছে। তিনি কাউকে চিনতে পারছেন না।
বুধবার সকালে হৃদরোগসহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডির বাসা থেকে স্কয়ার হাসপাতালে এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসা দেয়া হয় ড. আর এ গণিকে।