ঢাকা : জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান মুমিনুল হক বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন। আনসার সদস্যরা বাজে ব্যবহার করেছেন বলে মুমিনুল নিজেই ফেসবুকে অভিযোগ করেছেন।
বিসিবিতে যোগাযোগ করলে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, আজ সকালে ঢাকা থেকে ওর গ্রামের বাড়ি কক্সবাজার যাওয়ার কথা। তবে পথে কিছু হয়েছে কি না তা এখনো জানি না।
আজ শুক্রবার সকালে মুমিনুল হক নিজের ফেসবুকের ভেরিফায়েড পেজে এ বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আজ খুব লাঞ্ছিত হয়েছি এয়ারপোর্টে। বাংলাদেশ আনসাররা খুব খারাপ ব্যবহার করেছে।’
জানা গেছে, সকালে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুমিনুলের সঙ্গে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।
এদিকে ফেসবুকে মুমিনুলের পোস্টটি ছড়িয়ে পড়লে তা নিয়ে অনলাইন ও অফলাইনে শুরু হয় ব্যাপক সমালোচনা। মুমিনুল ভক্তরা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।