সিসি ডেস্ক: রাজধানীতে চিকুনগুনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এতে নগরজুড়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। অথচ এই জ্বর শনাক্তকরণে ব্যবহৃত প্রয়োজনীয় রি-এজেন্ট ঢাকার সরকারি হাসপাতালগুলোয় নেই। বেসরকারি দু-একটি হাসপাতালে রি-এজেন্ট থাকলেও তার মূল্য নেওয়া হচ্ছে বেশি। অধিকাংশ ক্ষেত্রেই রোগ নির্ণয় ছাড়াই জ্বরের লক্ষণ দেখে অনুমাননির্ভর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীতে প্রতিদিনই জ্বরে আক্রান্ত মানুষ চিকিৎসার জন্য ছুটছেন হাসপাতালে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে রোগীরা ভিড় করছেন। আবার যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা ছুটে যাচ্ছেন বেসরকারি হাসপাতালে। কিন্তু সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় চিকুনগুনিয়া জ্বর নির্ণয় কাজে ব্যবহৃত রি-এজেন্ট সরবরাহ নেই। বেসরকারি দু-একটি হাসপাতালে রি-এজেন্ট থাকলেও তার মূল্য নেওয়া হচ্ছে বেশি।
জানা গেছে, দেশের বৃহত্তম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকুনগুনিয়া জ্বর শনাক্তকরণ রি-এজেন্ট নেই। জানতে চাইলে হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগের প্রধান ডা. মো. আজিজ আহমেদ খান বলেন, চিকুনগুনিয়া ক্লিনিক্যালি শনাক্ত করা যায়। তবে ইনভেস্টিগেশন করার মতো রি-এজেন্ট হাসপাতালে সরবরাহ নেই। এ রোগ হঠাৎ করে দেখা দিয়েছে। সরকার চাইলে অতিদ্রুত সময়ের মধ্যে রি-এজেন্ট কেনা সম্ভব।
চিকুনগুনিয়া শনাক্তকরণের রি-এজেন্ট মজুদ নেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও। বিশ্ববিদ্যালয়ে রি-এজেন্ট মজুদ ছিল তা গত শনিবার শেষ হয়ে গেছে। এখন রি-এজেন্ট আসার অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের একজন চিকিৎসক জানিয়েছেন, হঠাৎ চিকুনগুনিয়ার রোগী বেড়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ রি-এজেন্ট মজুদ ছিল তা গত শনিবার শেষ হয়ে গেছে। আগামী দু-এক দিনের মধ্যে এটি পৌঁছবে। শুধু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল আর বিএসএমএমইউ নয়, চিকুনগুনিয়া ভাইরাস জ্বর নির্ণয়ে যে রি-এজেন্ট ব্যবহার করা হয় তা কোনো সরকারি হাসপাতালেই মজুদ নেই। ফলে হাসপাতালগুলোয় যারা যাচ্ছেন তাদের চিকিৎসা চলছে জ্বরের লক্ষণ বুঝে।
চিকুনগুনিয়ার রি-এজেন্ট সংকটের বিষয়ে জানতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. কাজী জাহাঙ্গীর আলমকে ফোন করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু মশাবাহিত রোগ। ডেঙ্গু প্রাণঘাতী রোগ হলেও চিকুনগুনিয়া প্রাণঘাতী রোগ নয়। তবে চিকুনগুনিয়ায় শারীরিক কষ্ট অনেক বেশি। হঠাৎ করে এবার চিকুনগুনিয়ার রোগী বেশি হওয়ায় সরকারি হাসপাতালগুলোয় এই ভাইরাস জ্বর শনাক্তকরণ রি-এজেন্টের কিছুটা সংকট দেখা দিয়েছে। রি-এজেন্ট কেনার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আশা করি আগামী ১০-১২ দিনের মধ্যে রি-এজেন্ট হাসপাতালগুলোয় সরবারাহ করা যাবে।
রি-এজেন্ট সংকট চলছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোয়ও। গতকাল সোমবার বিকালে রাজধানীর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করা হলে সেখানকার কর্মী ফারুক জানান, ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে চিকুনগুনিয়া জ্বর নির্ণয় করার রি-এজেন্ট আছে। তারা পরীক্ষাটির দাম নিচ্ছেন ২ হাজার ৭৪০ টাকা। ল্যাবএইডের পার্শ্ববর্তী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একজন কর্মী জানান, চিকুনগুনিয়া জ্বর নির্ণয় পরীক্ষার মূল্য ১ হাজার ২৩০ টাকা। তবে এই রোগ নির্ণয়ে যে রি-এজেন্ট ব্যবহার করা হয়, তা এক সপ্তাহ ধরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেই। এ কারণে এই পরীক্ষা বন্ধ রয়েছে। কয়েক দিনের মধ্যে রি-এজেন্ট চলে আসবে। এর পরই চিকুনগুনিয়া জ্বর নির্ণয় কার্যক্রম শুরু হবে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, বাংলাদেশে সাধারণত সেপ্টেম্বরের দিকে এই ভাইরাসটা দেখা যায়। তবে চলতি বছর মে মাসেই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। বিশেষ করে রাজধানীর ধানমন্ডি, লালমাটিয়া ও ইস্কাটন এলাকাসহ অভিজাত এলাকার রোগীই বেশি। চিকুনগুনিয়া ভাইরাস জ্বর ৪ থেকে ৫ দিনের মধ্যে কমে যেতে শুরু করলেও এর ব্যথা থাকে দীর্ঘ সময়। ব্যথা বেশি হওয়ায় আক্রান্তরা ব্যাপকভাবে দুর্বল হয়ে যায়। ফলে তারা সহজে চলাফেরা করতে পারে না।
তারা আরও বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গুজ্বরের বাহক হচ্ছে এডিস মশা। চিকুনগুনিয়া ও ডেঙ্গুজ্বরের ধরন প্রায় একই রকম। চিকুনগুনিয়া হলে রোগীর বমি বমি ভাব, মাথাব্যথা, মাংশপেশিতে ব্যথা, হাড়ের জোড়ায় ব্যথা, শরীরে র্যাশ ওঠাসহ হাড়ের জোড়া ফুলে যায়। আক্রান্তের শরীরে ভয়ানক যন্ত্রণা দেখা দেয়। তবে এই অসুখে মানুষ মারা যায় না। এই জ্বর ৫ থেকে ৬ দিনের সেরে গেলেও এর ব্যথা মাসখানেক থাকতে পারে। জ্বরের তীব্রতা ১০৪-১০৫ ডিগ্রিতে উঠতে পারে। জ্বরের তীব্রতা বেশি হলে চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত রোগীকে প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন ও প্রচুর পরিমাণ তরল খাবার খাওয়াতে হবে। কোনো অবস্থায়ই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া যাবে না। রোগীকে বিশ্রামে থাকতে হবে।
রাজধানীর মশক নিধনে গত ২১ মে শাহবাগের বিএসএমএমইউর বটতলা থেকে সাতদিনব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রাম চালু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এই কর্মসূচি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, এবার আগাম বৃষ্টি হওয়ায় মশার বংশবৃদ্ধি ঘটেছে। মানুষ চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হচ্ছেন। এই জ্বর নিয়ে অনেকে আতঙ্কিত। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই জ্বর এমনিতেই সেরে যায়। চিকুনগুনিয়া জ্বর যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য মশক নিধনে ক্রাশ কর্মসূচি কার্যক্রম জোরদার করা হয়েছে। ক্রাশ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে চিকুনগুনিয়া ভাইরাসের বাহক এডিস মশা নিধনে ওষুধ ছিটানো হবে। এই ক্রাশ কর্মসূচির পর সিটি করপোরেশনের মশক নিধনের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।