খেলাধুলা ডেস্ক : মারিয়া শারাপোভার বিপক্ষে জয়ের ধারা অক্ষুণ্ণই রাখলেন সেরেনা উইলিয়ামস। রাশিয়ার টেনিস তারকাকে টানা ১৮ বারের মতো হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে গেছেন শীর্ষ বাছাই সেরেনা।
মঙ্গলবার মেলবোর্ন পার্কে কোয়ার্টার ফাইনালে শারাপোভাকে একরকম উড়িয়ে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা। ১ ঘণ্টা ৩২ মিনিটের এই লড়াইয়ে সেরেনা জেতেন ৬-৪, ৬-১ গেমে।
গত ১২ বছর ধরে সেরেনাকে হারাতে পারেননি শারাপোভা। ২০০৫ সালে এই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে দুজনের ২-৬, ৭-৫, ৮-৬ গেমের ম্যাচটি দিয়েই সেরেনার কাছে শারাপোভার এই পতনের শুরু। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ের ২১ ম্যাচের মাত্র দুটিতে জিতেছেন শারাপোভা।
শেষ চারে চতুর্থ বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকার বিপক্ষে খেলবেন মার্কিন তারকা সেরেনা।